কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি পেশায় ফেরি করে মশারি বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) কাজ শেষে বাড়িতে ফেরেন রাশেদ। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সোমবার গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল তার বড় ভাই রাশেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন রাশেদ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন ছিল।
ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।








