জামালপুর প্রতিনিধি
জামালপুরে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। অভিযানে তাদের কাছ থেকে ১২টি ট্রেন টিকিট, ১৪টি মোবাইল ফোন এবং ৯৬৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মোঃ মিনাতুর রহমান মিনাত (২৫) ও মোঃ শাকিব (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রেলওয়ের টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তিকে কাজে লাগিয়ে তারা এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
অভিযানে বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়, যার মোট আসন সংখ্যা ১২টি এবং আনুমানিক মূল্য ৫ হাজার ৮৮০ টাকা। এছাড়া অবৈধ কার্যক্রমে ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন ও বিপুল সংখ্যক সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১৪ (সিপিসি-১)-এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন,
“ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে টিকিট কালোবাজারির মাধ্যমে একটি চক্র সাধারণ যাত্রীদের হয়রানি ও প্রতারণা করে আসছিল। এ ধরনের অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।