মিলন কুমার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ড্রাম থেকে ২৩০ বোতল মাদকদ্রব্য এবং ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের বাওয়ারচারা গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বাওয়ারচারা গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে জীমবাবু (১৮)।
রংপুর এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি ড্রাম থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩১ বোতল এসকাফ সিরাপ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে জীমবাবুর দেহ তল্লাশি করে তাঁর পরনের প্যান্টের পকেট থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় হাবিবুর রহমান ও জীমবাবুকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।