পলাশ পাল, নেত্রকোণা জেলা বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের প্রশাসনিক প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বদলি ও পদায়ন করা হয়েছে। এরই অংশ হিসেবে ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে নেত্রকোণার সিভিল সার্জন পদে দায়িত্ব দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে নেত্রকোণার বর্তমান সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলাকে অবমুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১১ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
নতুন সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নেত্রকোণার জেলা স্বাস্থ্য প্রশাসনে নতুন নেতৃত্ব আসছে। জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে তাঁর দায়িত্ব গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।