মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ সময় ডিআইজি নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, কাঠসহ মানুষের অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিস টু ডিআইজি) মো. পারভেজ আলম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।