মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় এক অটোরিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে আনুমানিক ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিমব্লক সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোরিকশা চালকের নাম মো. আমির হোসেন (৩০)। তিনি মধ্যম বাইট্টাপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় আমির হোসেন স্থানীয় বাসিন্দা বেলালকে মোবাইল ফোনে কল করে উদ্ধারের আকুতি জানান।
বেলাল জানান, “আমিরের ফোন থেকে হঠাৎ একটি কল আসে। কল রিসিভ করতেই সে শুধু বলছিল, ‘আমাকে বাঁচান ভাই।’ খবর পেয়ে দ্রুত সেগুন বাগান এলাকায় গিয়ে রাস্তার পাশে তার অটোরিকশাটি দেখতে পাই। পরে বাগানের ভেতরে খোঁজাখুঁজি করে মোবাইলে কল দিলে রিংটোনের শব্দ অনুসরণ করে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতাল (সাবেক রাবেতা হাসপাতাল) নিয়ে যান। সেখান থেকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আমির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ ও মাথায় গুরুতর জখম রয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
দিনদুপুরে সংঘটিত এ ছিনতাই ও হামলার ঘটনায় লংগদু উপজেলাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।