মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম, মাদকবিরোধী অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। খুন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ, দস্যুতা এবং অন্যান্য স্পর্শকাতর অপরাধ কঠোরভাবে দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রমও চলমান রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
এছাড়াও মাদক সেবন ও মাদক ব্যবসা প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং মাদকবিরোধী মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা ও গ্রামাঞ্চলে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে আমাদের আরও সক্রিয় ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সকলকে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত ছিলেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর এমপি, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।