হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গোলাবাড়ি বাজার এলাকায় দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি মো. হাবিবুল্লাহ (৪০)। তিনি উপজেলার পান্টি এলাকার আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি চালু থাকলেও তিনি কারও ফোন রিসিভ করছিলেন না। পরে তার দোকানঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ দোকানে প্রবেশ করে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, হাবিবুল্লাহর বিরুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণ ঋণের বিষয়টি জানা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মরদেহ অর্ধগলিত হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।