সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মাদককে সামাজিক ক্যান্সার আখ্যা দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে কাবিলগঞ্জ নতুন মসজিদ সংলগ্ন সড়কে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবক, মুরব্বি ও সর্বস্তরের মানুষ দল-মত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দা ইমাম হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইমাম হাসান বলেন, “মাদক একটি সামাজিক ক্যান্সার। এই ক্যান্সার নির্মূলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক এমন একটি ভয়াবহ ব্যাধি, যা একটি পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্ম যাতে মাদকের ছোবলে না পড়ে, সে বিষয়ে প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যাতে আমরা মাদকের বিরুদ্ধে কথা না বলি। কিন্তু এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা কাবিলগঞ্জবাসী মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত রাখব।”
এ সময় উপস্থিত এলাকাবাসী ইমাম হাসানের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন” এবং “মাদক সমাজের ক্যান্সার”—এমন বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন। একই সঙ্গে মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।