ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খাইরুজ্জামান মুননু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, স্থানীয় গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্ত এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহাম্মেদ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থানীয় সাংবাদিকতার বিকাশে সাপ্তাহিক চলনবিল বার্তার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।