মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
দৃঢ় সংকল্প, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব—এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির কৃতি সন্তান জশোয়া দেওয়ান।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৭তম পরীক্ষায় তিনি প্রশাসন ক্যাডারে (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
জশোয়া দেওয়ান খাগড়াছড়ি জেলার খবংপড়িয়া এলাকার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত শুভাশীষ দেওয়ান। বাবার অনুপস্থিতি এবং জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মেধাবী ও পরিশ্রমী জশোয়া দেওয়ান বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার পদে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। ব্যাংকের ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখেন। দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের ফলস্বরূপ তিনি দেশের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।
জশোয়া দেওয়ানের এ সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।