সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ইব্রাহিম মিয়া (৪৮) নামে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলের দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার রবিচন্দ্র সাহার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং এলাকায় একজন নওমুসলিম হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইব্রাহিম মিয়া একটি অটোরিকশাযোগে সোনারগাঁয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সিংলাব এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় ইব্রাহিম মিয়া গুরুতর আহত হন।
খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।