স্টাফ রিপোর্টার | চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।
সোমবার (২২ জুন) ভোররাতে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা শহরের সি অ্যান্ড বি পাড়ার মৃত বাবর আলীর ছেলে হাফিজুর রহমান (৪০), সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের দরুদ হাসানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক (২৯), জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে ও বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন (২৫), কাদিপুর গ্রামের যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৬), দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মন্টু (৪৫), দলকা লক্ষ্মীপুর গ্রামের ফরজ আলী (৩৬) এবং ভগিরাতপুর গ্রামের মমরেজ হোসেন (২৫)।
পুলিশ সূত্র জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর থানার ওসি মিজানুর রহমান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকেন্দ্রিক একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।