নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এবং ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সহযোগিতায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ ক্যাম্পে ষোলপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ বিভিন্ন বয়সভিত্তিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার যুবকদের এ ধরনের মানবিক উদ্যোগে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে বয়স্করা জানান, বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় তারা সন্তুষ্ট।
চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া এক চিকিৎসক বলেন, সামাজিক সংগঠনের উদ্যোগে গ্রামের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে সেবা দিতে পারা একটি ইতিবাচক অভিজ্ঞতা। তিনি আরও জানান, সংগঠনটি শুরু থেকেই সামাজিক উন্নয়ন ও অপরাধ দমনে কাজ করে আসছে।
সংগঠনের সদস্য প্রকৌশলী বাবুল মোল্লা বলেন, গত মে মাসে যুব সমাজের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। শুরু থেকেই তারা মাদক ও সামাজিক অপরাধ দমনে কাজ করছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।