মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাই খনিজ কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৩ জুন) কোস্ট গার্ড পূর্ব জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ টহল দল পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদীতে অবস্থানরত সন্দেহভাজন দুটি কাঠের নৌকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে নৌকা দুটিতে থাকা প্রায় ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকাও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত কয়লা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি কর্ণফুলী নদী ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।