মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইসলামী ব্যাংকের কার্যক্রমে কথিত হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় সেনবাগ পূর্ব বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক শাখার সামনে “গ্রাহক ও সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে স্থানীয় ব্যবসায়ী, আমানতকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের দীর্ঘদিনের আস্থা রয়েছে। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সেই আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন মেসার্স ভূইয়া ট্রেডার্সের হাজী বেলাল, মেসার্স মিয়াজী ট্রেডার্সের ইয়াসিন মিয়াজী, মেসার্স জাহিদ ট্রেডার্সের আবু জাহিদ, মেসার্স মিয়াজী ট্রেডার্সের মোঃ হেদায়েত উল্যাহ তাহেরপুর এবং ফেরদৌস হোমিও হলের মোহাম্মদ ফয়সালসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।
বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ছুটি বাতিল করে তাকে পূর্ণবহাল করার দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ, ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি তোলেন তারা।
তারা আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি করে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও গ্রাহকদের আস্থা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে তারা ইসলামী ব্যাংক সেনবাগ শাখার শাখা ব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।