সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের এক নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার একজন, মাদকসেবী ১০ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত চারজন রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৫৫)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমিনপুর বালুয়া দিঘীরপাড় এলাকার মৃত রজব আলীর ছেলে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে খামারগাঁও, মোগড়াপাড়া, বারদী, অর্জনদী, পিরোজপুর ও কাঁচপুর বিসিক এলাকার ১০ জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আষাড়িয়ারচর এলাকার আরিফুল ইসলাম লিজন (২৮), মেন্দীভিটা এলাকার আমিন উদ্দিন, সোনাপুর কবরস্থান এলাকার নিজাম উদ্দিন ও কারিজরগাঁও এলাকার কামাল হোসেন।
সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তার ১৫ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।