মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত জীবননগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মাদক মামলার পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন— জীবননগর উপজেলার উথলী গ্রামের মহিউদ্দিনের ছেলে নাসির উদ্দিন জুড়োন (৫০), লক্ষ্মীপুর গ্রামের মানিক শাহার ছেলে রেজাউল শাহা (২৮), আব্দুর রহিমের ছেলে উজির আলী (৫৮) এবং নতুনপাড়ার ফরজন আলীর ছেলে সোহরাব হোসেন (৫০)।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।