পলাশ পাল, জেলা প্রতিনিধি
নেত্রকোণায় তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে শহরের ছোটবাজার এলাকায় সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ মেলা চলবে ১৯ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত।
মেলা উদ্বোধনের পর সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলাম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক অভিজ্ঞতা ছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জনসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার লক্ষ্যে ভূমিসেবা মেলা আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমিসেবা গ্রহণ বিষয়ে ধারণা প্রদান, সরাসরি বিভিন্ন সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহ প্রদান এবং অটোমেটেড সিস্টেম ব্যবহারে উদ্বুদ্ধ করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে।
মেলায় আগত সেবাপ্রার্থীদের জন্য রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিসেবা। এছাড়াও ভূমিসংক্রান্ত যেকোনো বৈধ অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই সারা দেশের মতো নেত্রকোণাতেও এই মেলার আয়োজন করা হয়েছে।