পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬৬৭ বস্তা (প্রায় ২০ টন) সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ৯টার দিকে মদন–নেত্রকোনা সড়কের পাশে সাম্য ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার ছোট গারা এলাকার মো. শামীম মিয়া (৩০) এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার শাহিন মিয়া (৩৫)।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ওই দিন রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল একটি ট্রাকে লোড করা হয়। সরকারি সিলমোহরযুক্ত এসব চাল বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নেওয়ার কথা বলা হলেও পথিমধ্যে সন্দেহজনক আচরণ দেখা দেয়।
স্থানীয়দের ধারণা, চালটি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে তারা দ্রুত প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তবে চালক মো. শামীম মিয়া চালের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ট্রাকসহ চাল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে মদন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, তিনি বর্তমানে এলাকায় নেই এবং জব্দ করা চালের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, “খবর পেয়ে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ট্রাক, চালক ও সহকারী বর্তমানে থানায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা ও বিতরণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।