মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কলেজের মূল ফটকের সামনে জেব্রা ক্রসিং নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ব্যস্ত সড়ক পারাপারে ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কার মধ্যে থাকা শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, প্রতিদিন শত শত শিক্ষার্থী কলেজে আসা-যাওয়ার সময় দ্রুতগতির যানবাহনের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতেন। বিশেষ করে ক্লাস শুরুর ও ছুটির সময় সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রায়ই আতঙ্কের মধ্যে থাকতে হতো শিক্ষার্থীদের। এ অবস্থায় কলেজের সামনে একটি নিরাপদ পারাপার ব্যবস্থা তৈরির দাবি দীর্ঘদিনের ছিল।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সড়ক বিভাগ থেকে জেব্রা ক্রসিং নির্মাণের অনুমোদন এনে দেন কলেজ ছাত্রদলের পরিচিত মুখ মো. হামিম। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও তদারকিতে ইতোমধ্যে জেব্রা ক্রসিং নির্মাণকাজ শুরু হয়েছে।
নির্মাণকাজ চলাকালে কলেজের মূল ফটকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহযোগিতা করতে দেখা যায় মো. হামিমকে। এ সময় তিনি শিক্ষার্থীদের সড়ক পারাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পার হতে দেখে বিষয়টি গুরুত্বসহকারে উদ্যোগ নেওয়া হয়েছে। জেব্রা ক্রসিং চালু হলে শিক্ষার্থীরা আরও নিরাপদভাবে চলাচল করতে পারবে।”
কলেজের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজের সামনে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় অনেক সময় দুর্ঘটনার শঙ্কা তৈরি হতো। এখন জেব্রা ক্রসিং নির্মাণ হওয়ায় তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন।
অভিভাবকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। তারা দ্রুত কাজ সম্পন্ন করে কার্যকর ব্যবহারের ব্যবস্থা করার দাবি জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধু জেব্রা ক্রসিং নির্মাণই নয়, এর পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন করা হলে কলেজ এলাকার সড়ক আরও নিরাপদ হবে।