আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার
রাখাল নৃত্য, ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খধ্বনির মূর্ছনায় মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শ্রীকৃষ্ণের বাল্যলীলা অবলম্বনে শিশু-কিশোরদের রাখাল নৃত্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। নৃত্য, সংগীত ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে উৎসবস্থল।
পূর্ণিমা তিথি উপলক্ষে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে পৃথক দুটি স্থানে আয়োজন করা হয়েছে এ মহারাস উৎসবের। এর মধ্যে মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাস উৎসব। অন্যদিকে আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ৪১তম মহারাস উৎসব।
উৎসবের প্রথম পর্বে উভয় স্থানে অনুষ্ঠিত হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চে প্রায় অর্ধশতাধিক শিশু শিল্পী এতে অংশ নেয়। ঐতিহ্যবাহী পোশাক, ছন্দময় পদক্ষেপ ও বাদ্যযন্ত্রের তালে তালে তাদের পরিবেশনায় ফুটে ওঠে শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও রাখাল জীবনের নানা চিত্র। শিশুদের মনোমুগ্ধকর নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আদমপুরেও একইভাবে অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য। দিনভর বিভিন্ন আয়োজন শেষে রাতে উভয় উৎসবস্থলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মূল আকর্ষণ মহারাসলীলা। নৃত্য ও সংগীতের মাধ্যমে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম, বিরহ, ভক্তি এবং আধ্যাত্মিক অনুভূতি তুলে ধরা হয়।
মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ সম্প্রদায় পৃথক স্থানে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি অনুসারে এ উৎসব আয়োজন করলেও এর মূল দর্শন অভিন্ন। প্রেম, ভক্তি, মানবতা, বিশ্বশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই মহারাসলীলার অন্যতম উদ্দেশ্য।
মণিপুরি সম্প্রদায়ের কাছে মহারাসলীলা শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ও নিজস্ব পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে এ ঐতিহ্য বহন করে চলেছেন তারা। বিশেষ করে শিশু-কিশোরদের অংশগ্রহণ নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব সংস্কৃতি চর্চার ধারাকে সমৃদ্ধ করছে।
উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
প্রতিবছর মহারাসলীলা উপভোগ করতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা কমলগঞ্জে আসেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নৃত্য-সংগীত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে মণিপুরিদের মহারাসলীলা এখন শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।