আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে চলছে আলোচনা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আজিজপুর মোড়ের দলীয় কার্যালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বোনকেশর ব্রিজঘাট উচ্চবিদ্যালয়ের বারান্দা ও মাঠে ছাত্রলীগের ব্যানারে পাঁচজনকে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
তানোর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন দাবি করেন, বোনকেশর ব্রিজঘাট উচ্চবিদ্যালয় এলাকা থেকে এসে ওই ব্যক্তিরা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। বিদ্যালয়ের গেটেও তাদের উপস্থিতি দেখা যায় বলে একটি ভিডিওর উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তানোর থানার ওসি মাহমুদুর হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।