নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে দিন দিন বাড়ছে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যঝুঁকি। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নির্ধারিত ময়লা ফেলার স্থান ও পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে সড়কের পাশে, বাজারের অলিগলিতে, সরকারি স্থাপনার আশপাশে এমনকি নদী-খালেও। এতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অঘোষিত ময়লার ভাগাড়। পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা।
উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবসতিপূর্ণ এলাকার পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের বর্জ্য। কোথাও বাসাবাড়ির উচ্ছিষ্ট, কোথাও বাজারের পচনশীল আবর্জনা, আবার কোথাও পলিথিন, প্লাস্টিক ও পরিত্যক্ত সামগ্রীর স্তূপ জমে আছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা না থাকায় এসব স্থানে দিনের পর দিন আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে।
সবচেয়ে দুর্ভোগপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে উপজেলা সদরের বাজারের পূর্ব প্রান্তে উপজেলা খাদ্যগুদামের পাশে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরঘেঁষা এলাকা এবং শহীদ মিনার থেকে কলেজ মোড়গামী সড়কের পাশের বিভিন্ন স্থান। এসব জায়গায় নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে বড় বড় স্তূপ তৈরি হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এ পথে চলাচলকারী শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা সদরে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণের কার্যকর ব্যবস্থা নেই। পর্যাপ্ত ডাস্টবিন কিংবা নির্ধারিত বর্জ্য ফেলার স্থান না থাকায় অনেকেই বাধ্য হয়ে সড়কের পাশে, খালি জায়গায় কিংবা খালে ময়লা ফেলছেন। তবে বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির পাশাপাশি জনসচেতনতার অভাবও এ পরিস্থিতির অন্যতম কারণ বলে মনে করছেন সচেতন মহল।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, “এখানে শুধু দু-একজন নয়, এলাকার অনেকেই যত্রতত্র ময়লা ফেলছেন। কারণ, কোথাও পর্যাপ্ত ডাস্টবিন নেই। নিরুপায় হয়ে মানুষ ময়লা ফেলছে, এতে পরিবেশ দূষিত হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা জরুরি।”
এদিকে উন্মুক্ত স্থানে জমে থাকা পচনশীল বর্জ্য জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব আবর্জনায় মশা-মাছির বিস্তার ঘটতে পারে। বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য নালা ও জলাশয়ে ছড়িয়ে পড়লে পানিদূষণ এবং পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন এ ধরনের অব্যবস্থাপনা চলতে থাকলে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, একটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবসতিপূর্ণ এলাকা কত দিন এভাবে ময়লার ভাগাড় হয়ে থাকবে? প্রতিদিন আবর্জনার স্তূপ বাড়লেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ তাঁদের।
এ অবস্থায় নাসিরনগর উপজেলা সদরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও বাজার-আবাসিক এলাকায় নিয়মিত তদারকির মাধ্যমে এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।