ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার ব্যস্ততম বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে দুই ব্যবসায়ী পরিবারের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে দোকানের মালামাল ও ব্যবসার পুঁজি হারিয়ে পরিবার দুটি চরম বিপাকে পড়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার মেরাজের দুটি দোকান এবং পাশের আলালের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের অন্যান্য দোকান ও ঘনবসতিপূর্ণ এলাকা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি দোকানের আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল ও অন্যান্য সম্পদ পুড়ে যায়। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
দোকানগুলোর মালামাল ও ব্যবসার পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মেরাজ ও আলাল। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে পরিবার দুটির সদস্যরা এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন।