আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার ও নানা অনিয়মের দায়ে ‘শামস ফুড বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম ও খাদ্য নিরাপত্তাবিধির গুরুতর লঙ্ঘন করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিতে কেক, বিস্কুট ও রুটি তৈরিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করা হচ্ছিল। খাদ্য উৎপাদন করা হচ্ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়। এ ছাড়া ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার করা হচ্ছিল।
বেকারির পাশে থাকা ময়লার ভাগাড় থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ ও মাছি। কারখানার মিক্সিং মেশিন ও বাসনপত্র ছিল তেলচিটে ও অপরিষ্কার। খাবার ঢাকার কাজে ব্যবহার করা হচ্ছিল ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ। ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত এবং নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণের বিষয়টিও অভিযানে উঠে আসে।

এ ছাড়া অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ না থাকা, মোড়কে উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা, প্যাকেটে আগাম বা জালিয়াতির তারিখ ব্যবহার এবং খাদ্য মজুদের স্থানেই কর্মীদের থাকার ব্যবস্থা রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।