চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে ডিলারের টিনশেড ঘর ভেঙে ৬১১ বস্তা সরকারি সার লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে মেসার্স প্রদীপ কুমার পালের ডিলারশিপে সরকারি সার বিতরণ করা হচ্ছিল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন টিনশেড ঘরটি ভাঙচুর করে সেখানে মজুত থাকা সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।
সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়। বর্তমানে ৪০০ বস্তা সার মজুত রয়েছে। হিসাব অনুযায়ী, অবশিষ্ট ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, মাইকিং করে যারা সার নিয়ে গেছেন, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ডিলার প্রবীর কুমার পালের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।