মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মন্দির ও বৌদ্ধ বিহারে অনুদান এবং সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রামগড় উপজেলার দুটি পূজামণ্ডপ ও ৫৯টি বৌদ্ধ বিহারে অনুদান দেওয়া হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মধ্যে ২০ প্যাকেট শিশু খাদ্য ও ৩০ বস্তা গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট উপকারভোগীরা উপস্থিত ছিলেন।