পারভেজ আলী মোহর, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নের নির্ধারিত কয়েকটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর নির্ধারিত ওয়ার্ডগুলোতে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে পরবর্তী ধাপে তথ্য সংগ্রহ শুরুর বিষয়টি প্রয়োজনীয় ট্যাবলেট (ট্যাব) সরবরাহের ওপর নির্ভর করছে।
প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া গেলে পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। ধাপে ধাপে এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উপজেলার নির্ধারিত পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।