নিজস্ব প্রতিনিধি রাজশাহী
রাজশাহী-নওহাটা মহাসড়কের পবা উপজেলার মায়াবাজার থেকে নওহাটা পর্যন্ত সড়কের ফুটপাত ও ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ অভিযানে বুলডোজার দিয়ে বিভিন্ন দোকানপাট, ভবনের সিঁড়ি, অস্থায়ী ঘর ও ড্রেনের ওপর নির্মিত স্থাপনা অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী শহর ও আশপাশের এলাকার সড়কগুলো যানজটমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মায়াবাজার থেকে নওহাটা পর্যন্ত সড়কের পশ্চিম পাশে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন ফলের দোকানসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের সম্প্রসারিত অংশ উচ্ছেদ করা হয়।
এ সময় কয়েকটি ভবনের সিঁড়ি এবং ড্রেনের ওপর নির্মিত অস্থায়ী চালা ও ঘরও ভেঙে দেওয়া হয়। অভিযানে পবা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পথচারী ও যানবাহনের চালকরা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও ড্রেন দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়েছিল। এতে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি প্রায়ই যানজটের সৃষ্টি হতো। উচ্ছেদ অভিযানের ফলে সড়কের দুই পাশে চলাচলের জায়গা বাড়বে এবং যানজট কমার পাশাপাশি এলাকার পরিবেশ ও সৌন্দর্যও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা অপসারণ এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সড়কের ড্রেন ও ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও নজরদারি করা হবে।