প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন।
তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ার স্থায়ী বাসিন্দা। দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা পেশায় দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ৩১ জুলাই অবসর গ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে তিনি এমএ ও বি-এড (প্রথম শ্রেণি) ডিগ্রি অর্জন করেন।
মোফাজ্জাল হোসেনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০১৬ সালে সরকারি পর্যায়ে পাবনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে সরকারি ব্যবস্থাপনায় ১৬ দিনের শিক্ষা সফরে মালয়েশিয়া যান। এছাড়া রাজশাহী বিভাগের দুইবার শ্রেষ্ঠ কাব শিক্ষক, পাবনা জেলার চারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ে পাঁচবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
স্কাউটিংয়েও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০০৩ সাল থেকে তিনি ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পাবনা জেলা স্কাউটসের সহ-সভাপতি।
মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রসঙ্গে মোফাজ্জল হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ অনুকূল হলে অভিজ্ঞতা ও সততাকে কাজে লাগিয়ে ভাঙ্গুড়া পৌরসভাকে আধুনিক, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান। সুযোগ পেলে পৌরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি।