আবু বকর সিদ্দিক বক্করঃ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার গুরুত্বপূর্ণ সান্তাহার সাইলো সড়কের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন ও নামফলক উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার খাড়ির ব্রিজ এলাকায় সড়ক পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। উদ্বোধন শেষে তিনি নামফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সাইলো অধিক্ষক আশফাকুর রহমান, সড়ক পুনঃনির্মাণ কাজের ঠিকাদার দেওয়ান মামুনুর রশীদ, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সান্তাহার সাইলো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গম সংরক্ষণ প্রতিষ্ঠান। পরবর্তীতে ২০১৭ সালে সাইলো ক্যাম্পাসে চাল সংরক্ষণের জন্য জাইকা (JICA) এর সহযোগিতায় আধুনিক মাল্টি স্টোরেজ গুদাম নির্মিত হয়। গম ও চাল পরিবহনের জন্য সাইলো সংলগ্ন এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কিন্তু ভারী ট্রাক চলাচলসহ অতিরিক্ত চাপের কারণে ২০১২ সালের পর থেকেই সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ২০১৭ সালে কিছুটা সংস্কার করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফলে সড়কটি আবারও বেহাল অবস্থায় ফিরে যায়।
দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থা নিয়ে স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি পুনঃনির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়।
দরপত্রের মাধ্যমে নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেওয়ান মামুনুর রশিদ (জেভি) প্রায় ৯ কোটি ৫৮ লাখ টাকার চুক্তিতে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এবং ১৮ মিটার প্রশস্ত সড়কটি পুনঃনির্মাণের দায়িত্ব পায়।
প্রকল্পের আওতায় সড়কটি আধুনিক আরসিসি (Reinforced Cement Concrete) প্রযুক্তিতে টেকসইভাবে পুনঃনির্মাণ করা হবে। ইতোমধ্যে সাইলো গেইট সংলগ্ন অংশে পুরাতন ও ভাঙাচোরা কার্পেটিং অপসারণের কাজ শুরু হয়েছে।
সড়ক পুনঃনির্মাণের খবরে ট্রাক মালিক, শ্রমিক, স্থানীয় বাসিন্দা, যাত্রীবাহী পরিবহন চালক ও সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশা করছেন তারা।
স্থানীয়রা মনে করছেন, কাজটি সম্পন্ন হলে সান্তাহার সাইলো সড়কটি আবারও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পরিবহন রুট হিসেবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।