ময়মনসিংহ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ফগিং কার্যক্রম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে নগরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডেই নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে গত বছর যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল—যেমন বাউন্ডারী রোড, চরপাড়া এবং অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা-প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল—সেসব এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নিয়মিত ড্রেন, খাল এবং অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করছে। বর্তমানে ৫০ জন স্থায়ী মশক নিধন কর্মী দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কার্যক্রম আরও জোরদার করতে দৈনিক মজুরির ভিত্তিতে অতিরিক্ত ২৫ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। যেকোনো উপায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণই সিটি কর্পোরেশনের সর্বোচ্চ অগ্রাধিকার।
মসিক প্রশাসক আরও বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।