শিরোনাম
টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

দেলোয়ার হোসেন লাইফ, নাটোর

দখল, অবহেলা ও অব্যবস্থাপনায় ক্রমেই হারিয়ে যাচ্ছে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ির জৌলুস। দীর্ঘদিনেও রাজবাড়ির অবৈধ দখলদারদের উচ্ছেদ কিংবা জরাজীর্ণ ঐতিহাসিক ভবনগুলো সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এই প্রত্নস্থলে ইট, বালু ও সিমেন্ট দিয়ে নতুন করে দোকান ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিষয়টিকে প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইনের পরিপন্থী উল্লেখ করে নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চেয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকায় অবস্থিত রানী ভবানী রাজবাড়ি ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। একসময় রাজকীয় জৌলুসে ভরপুর এ রাজবাড়ির বড় একটি অংশ বর্তমানে দখল ও অব্যবস্থাপনার শিকার। এখানকার বিভিন্ন ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, অফিস সহায়ক, মালি, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, রিকশাচালক, গাড়িচালক ও চা বিক্রেতাসহ অন্তত ১৮টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। পাশাপাশি রাজবাড়ির ভেতরে ভূমি অফিস, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে।

এ ছাড়া রাজবাড়ির দিঘিগুলো জেলা প্রশাসনের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। এসব দিঘিতে কার্পজাতীয় মাছ চাষের কারণে পাড় ভাঙন দেখা দিয়েছে। এতে শতবর্ষী গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ঐতিহাসিক স্থাপনাটির মূল সৌন্দর্য ও পরিবেশ ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এরই মধ্যে রাজবাড়ির অভ্যন্তরে বাণিজ্যিক ১৪টি দোকান ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সংরক্ষিত পুরাকীর্তির স্থানে এ ধরনের নির্মাণকাজ ঐতিহাসিক স্থাপনাটির অস্তিত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

নাটোর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন রানী ভবানী রাজবাড়িতে নতুন স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে কোনো উন্নয়ন বা সংস্কারকাজের প্রয়োজন হলে তা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ম ও নির্দেশনা অনুযায়ী করতে হবে। এমনকি প্রত্নতত্ত্ব অধিদপ্তরও ইট, বালু ও সিমেন্ট দিয়ে নতুন স্থাপনা নির্মাণ করতে পারে না। রাজবাড়ির পুরোনো ভবনগুলো সংস্কার করে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। জেলা প্রশাসনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে এ উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দা বুলটন নীল বলেন, রাজবাড়ির পুরোনো ভবনগুলোতে দীর্ঘদিন ধরে অনেকে বসবাস করছেন। তাদের বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিয়ে নতুন করে স্থাপনা নির্মাণ করা ঐতিহ্যের প্রতি অবজ্ঞার শামিল। এতে রাজবাড়ির ঐতিহাসিক পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে।

সাংস্কৃতিকর্মী রফিকুল ইসলাম নান্টু বলেন, রানী ভবানী রাজপ্রাসাদ নাটোরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে স্থাপনাটি অরক্ষিত অবস্থায় রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় যাওয়ার পরও অবৈধ বসবাস ও স্থাপনা উচ্ছেদে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। উল্টো নতুন করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে প্রত্নস্থলটির ঐতিহাসিক মূল্য ও স্বকীয়তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ দখল ও নতুন স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সাংবাদিক মাহবুব হোসেন জানান, ১৯৮৯ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে রানী ভবানী রাজবাড়িকে পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। তাই ঐতিহাসিক স্থাপনাটির যথাযথ সংরক্ষণ জরুরি। অবৈধ বসবাসকারীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া, বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ এবং পুরোনো ভবনগুলো সংস্কারের মাধ্যমে রাজবাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের কাছে সংরক্ষিত পুরাকীর্তির স্থানে নতুন করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের কারণ জানতে চাইলে তিনি সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরে তাঁর নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাতআরা ফেরদৌস বলেন, রাজবাড়ির ভেতরে আগে থেকে থাকা কিছু অস্থায়ী দোকান খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। এতে রাজবাড়ির সৌন্দর্য কিছুটা ব্যাহত হচ্ছিল। এ কারণে দোকানগুলো আগের অবস্থানে রেখেই একটি কাঠামো তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ অস্থায়ী এবং টিন দিয়ে নির্মাণ করা হচ্ছে।

নির্মাণকাজের ঠিকাদার কে এবং কোন খাতের অর্থায়নে কাজটি করা হচ্ছে, জানতে চাইলে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সোলাইমান হোসেন বলেন, তিনি নতুন যোগদান করেছেন। এ বিষয়ে তথ্য দিতে কিছুটা সময় লাগবে। অন্যদিকে নির্মাণকাজ তদারকির সঙ্গে যুক্ত তুষার হোসেন জানান, তিনি ঠিকাদার কিংবা ঠিকাদারের কোনো প্রতিনিধি নন। কর্মকর্তাদের অনুরোধে নির্মাণশ্রমিক ঠিক করে দিয়েছেন মাত্র।

এদিকে রানী ভবানী রাজবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে দোকান ও অবকাঠামো নির্মাণকে নিয়মবহির্ভূত উল্লেখ করে গত ৫ নভেম্বর জেলা প্রশাসক বরাবর চিঠি দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ইট, বালু ও সিমেন্ট দিয়ে রাজবাড়ির ভেতরে দোকান ও অবকাঠামো নির্মাণের ফলে গুরুত্বপূর্ণ প্রত্নস্থলটি ধ্বংস ও ক্ষতির সম্মুখীন হচ্ছে। সংরক্ষিত পুরাকীর্তির সুরক্ষায় অবৈধভাবে দোকান ও অবকাঠামো নির্মাণের কাজ বন্ধ করার আহ্বান জানানো হয় চিঠিতে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান বলেন, প্রত্নস্থলের ওপর বা সন্নিকটে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। কেউ এ ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা করলে দাপ্তরিকভাবে তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়। রানী ভবানী রাজবাড়িতে নির্মাণকাজ বন্ধের বিষয়ে নাটোরের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ির পুরোনো স্থাপনা সংরক্ষণ, অবৈধ দখলমুক্ত করা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিবর্তে রাজবাড়ির ঐতিহাসিক সৌন্দর্য ফিরিয়ে আনা এবং পর্যটনকেন্দ্র হিসেবে এর সম্ভাবনা বিকাশে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের

www.dainikkagoj.com
22 November 2026

নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের

www.dainikkagoj.com