আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে চালু হয়েছে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’-এর প্যাকেজিং ইউনিট। সিলেট অঞ্চলের শত বছরের চা-ঐতিহ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরা এবং ইউরোপে বাংলাদেশের চায়ের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ এ উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক পরিচিতিকে যুক্ত করে নতুন এ ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (২২ নভেম্বর) সকালে মৌলভীবাজারে চা-বাগানসংলগ্ন এলাকায় স্থাপিত প্যাকেজিং ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশি-বিদেশি চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নতুন এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের চায়ের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। আয়োজকদের মতে, ঐতিহ্য, গুণগত মান ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ ইউরোপের বাজারে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা গণমাধ্যমকে বলেন, “এটি একটি বড় দায়িত্ব। কারণ, আপনাদের সবকিছুই আছে। চায়ের গুণগত মান রয়েছে, এর পেছনে রয়েছে অসাধারণ অভিজ্ঞতা এবং নিশ্চয়তা। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য—চা তুলে ধরা ও প্রচার করা।”
বাংলাদেশে এসে চা-বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং চায়ের গুণগত মান তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। সিলেটের চা বিশ্ববাজারে ভালো অবস্থান তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত মূল্যবান একটি দেশ। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়ার মতো যোগ্যতা এ দেশের চায়ের রয়েছে।
লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান বলেন, বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে বাংলাদেশ চা বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের লক্ষ্য, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চা, বিশেষ করে সিলেট অঞ্চলের চায়ের পরিচিতি ছড়িয়ে দেওয়া।
তিনি জানান, ইতোমধ্যে বিশ্বের ১৪টি দেশ সিলেটের চা আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এ চা নিয়ে কার্যক্রম শুরু হওয়ায় বিদেশি ক্রেতাদের মধ্যেও আগ্রহ বাড়ছে।
চায়ের গুণগত মান ও নিরাপত্তার বিষয়ে শেখ অলিউর রহমান বলেন, তাঁদের প্রতিষ্ঠানের কাছে পণ্যের মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি চা পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এতে ভোক্তারা পণ্যের নিরাপত্তা ও স্বাভাবিক গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। চায়ে অতিরিক্ত রং, প্রিজারভেটিভ কিংবা অন্য কোনো উপাদান ব্যবহার করা হয় না বলেও জানান তিনি।
চা খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আন্তর্জাতিক বাজারে শুধু কাঁচা চা রপ্তানি নয়, বরং ব্র্যান্ডিং, ব্লেন্ডিং ও আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে মূল্য সংযোজনও গুরুত্বপূর্ণ। মৌলভীবাজারে চা-বাগানের সান্নিধ্যে গড়ে ওঠা এ প্যাকেজিং ইউনিটের পাশাপাশি টি টেস্টিং সুবিধা ও ওয়্যারহাউস চালুর উদ্যোগ চায়ের মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্তুগিজ রাজপরিবারের সদস্যের সম্পৃক্ততা নতুন ব্র্যান্ডটির আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের চায়ের বাজার সম্প্রসারণ, প্রক্রিয়াজাত ও ব্লেন্ডিং চায়ের রপ্তানি বৃদ্ধি এবং দেশের চা শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।
সিলেট অঞ্চলের শত বছরের চা-ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের এ সংযোগ দেশের চা শিল্পের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয়, এ উদ্যোগ কতটা কার্যকরভাবে বাংলাদেশের চাকে ইউরোপের বাজারে প্রতিষ্ঠিত করতে পারে।