নিজস্ব প্রতিবেদক, জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চারজন ছাত্র ও একজন ছাত্রী রয়েছেন।
সোমবার (৬ জুলাই) উপজেলার পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার বিধিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। পরিদর্শনকালে কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। এছাড়া একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করেন। এ অবস্থায় পরীক্ষার বিধিমালা অনুসরণ করে পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
বহিষ্কৃত পাঁচজনই উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিদিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।”