মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন দর্শনা বিএনপির সমন্বয় কমিটির সদস্য, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দর্শনা প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ অনুদানের ঘোষণা দেন। এ সময় তাকে সম্মাননা স্বরূপ প্রেসক্লাবের দাতা সদস্য ও আজীবন সদস্যপদ প্রদান করা হয়।
দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের জয়েন্ট সেক্রেটারি ও সাবেক সেনা সদস্য আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার অংশ হিসেবে মশিউর রহমান ঘোষিত অনুদানের মধ্যে ১ লাখ টাকা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। বাকি অর্থ পরবর্তীতে প্রদান করা হবে বলে জানান তিনি।
সভায় বক্তব্যকালে আলহাজ্ব মশিউর রহমান বলেন, “দর্শনা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতা বিকাশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।