মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে জেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আন্তরিকতা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জেলা পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এমপি, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনোজ্জামান সরকার রুকন এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স। তিনি তার বক্তব্যে বলেন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করা সম্ভব। জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত অতিথিরা জেলা পরিষদের চলমান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।