হৃদয় রায়হান, নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতু এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলো— কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং একই এলাকার মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দু’জনই স্থানীয় হাটশ হরিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার পর প্রচণ্ড গরমের কারণে দুপুরে বন্ধু দু’জন মিলে গড়াই নদে গোসল করতে যায়। নদীতে পানি তুলনামূলক কম থাকলেও সেখানে স্রোতের তীব্রতা ছিল বেশি। গোসলের একপর্যায়ে তারা পানির গভীরে চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায়।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় দুই শিক্ষার্থীকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতার কারণে তাদের আগেই হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, পরীক্ষার চাপ শেষে ঘরে ফেরার আনন্দঘন মুহূর্তে এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা। নিহতদের পরিবারে চলছে আহাজারি, প্রতিবেশীরাও শোকে মুহ্যমান।