জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর স্থায়ী চিমনি (ফিক্সড চিমনি) ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের ডাকপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় অবস্থিত ‘স্টার ব্রিকস’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুল।
অভিযানকালে দেখা যায়, ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া ইট পোড়ানোর জন্য ব্যবহৃত ফিক্সড চিমনি পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
পরবর্তীতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’-এর আওতায় ইটভাটাটির বিরুদ্ধে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকপক্ষ উপস্থিত না থাকায় জরিমানার অর্থ পরিশোধের জন্য ম্যানেজার তপন আহমেদ এজাজকে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি বলেন, “জেলায় পরিবেশের ক্ষতি করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুল জানান, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জামালপুরে এই অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।