ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণ শাসন বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা।
এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুয়েলারি ব্যবসায়ী মো. চান মাহমুদ। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণ শাসন বাজারে ব্যবসা করে আসছেন।
নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা শোনা এবং সেগুলো সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।
মো. চান মাহমুদ বলেন, “আমি একজন বণিক, তাই বণিকদের দুঃখ-কষ্ট বুঝি। তাদের সহযোগিতা করা এবং ব্রাহ্মণ শাসন বাজার বণিক সমিতির নীতিগত আদর্শকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হয়েছি।”
তিনি আরও বলেন, “আমার মূল উদ্দেশ্য শুধু সাধারণ সম্পাদক হওয়া নয়। আমি বণিকদের একজন বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। ব্যবসায়ীরা যেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগের সুযোগ না পান, সে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। বণিকদের সেবা করাই আমার প্রধান লক্ষ্য।”
আগামী ৩১ অক্টোবরের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ব্যবসায়ী মহলেও আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়।