ফিরোজ আল আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার (২৪ আগস্ট) দুপুরে সলঙ্গা থানার রামারচর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী উপজেলার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে র্যাব-১২ সদর কোম্পানির একটি অভিযানিক দল সলঙ্গার রামারচর এলাকায় রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই নারীর কাছ থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।
র্যাব-১২ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।