আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করতে নতুন করে ১১ সদস্যবিশিষ্ট নাগরিক কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটস্থ সান্তাহার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ নাগরিক কমিটি গঠন করা হবে।
জানা যায়, ১৯৯৩ সালে সান্তাহারের সুশীল সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের উদ্যোগে নাগরিক কমিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শহরের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে কমিটির কয়েকজন প্রবীণ সদস্যের মৃত্যুর পর কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে। সেই কার্যক্রম পুনরুজ্জীবিত করতেই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আদমদীঘি উপজেলার বিশিষ্ট চিকিৎসক ডা. হামিদুর রহমান রানাকে আহ্বায়ক করা হয়েছে।
সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম এস রুশদানী বুলু, শহীদ আহসানুল হক কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা, প্রভাষক আল-আমিন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল্লাহ সিদ্দিকী ফ্যান্টম, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক হারেজুজ্জামান হারেজ, সাংবাদিক মমতাজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, প্রচার ও দপ্তর সম্পাদক নয়ন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
সভায় বক্তারা সান্তাহার পৌর শহরের নাগরিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নবগঠিত আহ্বায়ক কমিটির সফলতা কামনা করেন।