কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোজাম্মেল হক মালি। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মাওলানা আবু তাহের।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিধি অনুযায়ী বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রেজোয়ানুল করিম মালি। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত হওয়ার পর সভাপতি মোজাম্মেল হক মালি বলেন, “আবারও আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠদানের মানোন্নয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও সুন্দর পরিবেশে কমিটি গঠন করা হয়েছে। মোজাম্মেল হক মালির দীর্ঘদিনের শিক্ষা-সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও নেতৃত্ব বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত সহ-সভাপতি মাওলানা আবু তাহের বলেন, “সভাপতির সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অভিভাবকদের আরও বিদ্যালয়মুখী করাই হবে আমাদের অগ্রাধিকার।”
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা বলেন, মোজাম্মেল হক মালি পূর্ববর্তী দায়িত্বকালে বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দক্ষতা, জনপ্রিয়তা ও কাজের স্বীকৃতিস্বরূপ সর্বসম্মতিক্রমে পুনরায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।