ময়মনসিংহ প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণে কারও ক্ষতি নেই; বরং জনগণ, সরকার ও দেশ—সবারই উপকার হয়।
শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নার্সারি মালিকদের উন্নতমানের চারা উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এতে যেমন তাদের ব্যবসার প্রসার ঘটবে, তেমনি দেশের পরিবেশ ও অর্থনীতিও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, অধিক মূল্যবান বৃক্ষের চারা উৎপাদন ও রোপণে গুরুত্ব দিতে হবে। পরিকল্পিতভাবে মানসম্মত ও মূল্যবান গাছ লাগালে ভবিষ্যতে মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে।
এম ইকবাল হোসেইন বলেন, বর্তমানে অনেক শহরে পরিবেশ দূষণ ও অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে এবং মানুষ পর্যাপ্ত অক্সিজেন পাবে। তিনি আশা প্রকাশ করেন, দেশব্যাপী প্রতিবছর পাঁচ কোটি গাছ রোপণের মাধ্যমে একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বন বিভাগের কর্মকর্তাসহ পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।