আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে শরিফুল ইসলাম তার ছেলে নুরুজ্জামানকে নিয়ে নিজ বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে আটক করে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে আটক করেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।