মাহমুদ হাসান রনি, স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রায়ত্ত ১৩টি চিনিকল বেসরকারীকরণের (বি-রাষ্ট্রীয়করণ) সিদ্ধান্তের প্রতিবাদে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আখচাষী ফেডারেশন ও বিভিন্ন চিনিকলের সিবিএ নেতাদের অংশগ্রহণে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় ঢাকার মতিঝিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ভবনের ৮ম তলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হোসেন, নূর পলাশ, হাফিজুল ইসলামসহ বিভিন্ন চিনিকলের শ্রমিক প্রতিনিধি ও নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।
সভায় বক্তারা সরকারের রাষ্ট্রায়ত্ত ১৩টি চিনিকলসহ মোট ৪৪টি শিল্প-কারখানা বেসরকারীকরণের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হাজার হাজার শ্রমিক-কর্মচারী কর্মসংস্থান হারাবেন এবং দেশে বেকারত্ব আরও বৃদ্ধি পাবে।
রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ বলেন, সরকার দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত ভর্তুকি দিলেও একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প হিসেবে পরিচিত চিনিকলগুলোর ক্ষেত্রে ভর্তুকি দিতে অনীহা দেখাচ্ছে, যা দুঃখজনক ও অযৌক্তিক। তিনি চিনিশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা রাষ্ট্রায়ত্ত চিনিশিল্প রক্ষা, আখচাষিদের স্বার্থ সংরক্ষণ এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এদিকে সভা থেকে আগামী ১০ আগস্ট চিনি ও খাদ্য শিল্প রক্ষার দাবিতে ‘মার্চ টু পিএমও’ (প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা) কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।