ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে মাদকের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে ত্রিশাল পৌর এলাকার আবাসিক হোটেল রনিতে এ অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযান চলাকালে হোটেলে অবস্থানরত দুই যুবককে ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার দরিরামপুর উজানপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. শরিফুল ইসলাম (২৭) এবং গফরগাঁও উপজেলার শিলাসী এলাকার মোহসিনের ছেলে মোহসিনুর মনির (২৪)।
এ সময় আবাসিক হোটেলটির ম্যানেজারকে কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে হোটেলে এ ধরনের অনৈতিক বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে হোটেলটি বন্ধ করে দেওয়ার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযানে ত্রিশাল থানার পুলিশ সদস্য এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত ত্রিশাল গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।