প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও পাবনা জেলার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনের নিয়োগ পাওয়ায় পাবনার ভাঙ্গুড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা কৃষক দল।
জানা যায়, গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এ খবরে পাবনাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় পথসভা ও শুভেচ্ছা বিনিময় করে। পরে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় নেতাকর্মীরা বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন দীর্ঘদিন ধরে কৃষক অধিকার ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একজন দক্ষ সংগঠক ও কৃষিবান্ধব ব্যক্তি হিসেবে তার এই নিয়োগ কৃষি খাতকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষকদের কল্যাণে তার নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বক্তারা।

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান সরদার, খানমরিচ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাঙ্গুড়া পৌর কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।
নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে বিএমডিএ কৃষি ও সেচ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের কৃষকরা এর সুফল ভোগ করবেন।