স্টাফ রিপোর্টার | সিরাজগঞ্জ
‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ লেনদেন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এবং লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ-এর উদ্যোগে জেলার সব তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে শিক্ষার্থী, ব্যাংকার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।
এনআরবিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের মো. আসারুজ্জামানের সঞ্চালনায় এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুমুর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়।
প্রধান অতিথির বক্তব্যে গণপতি রায় বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই ব্যাংকিং, অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। সরকারের আর্থিক সাক্ষরতা কর্মসূচি দেশের প্রাতিষ্ঠানিক অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম জুমে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, শিক্ষার্থীদের সহজে ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং চালু করেছে। বর্তমানে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থী ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় ৬২ লাখ ৭৩ হাজার এবং এসব হিসাবে জমার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯১০ কোটি টাকা।
একই অনুষ্ঠানে জুমের মাধ্যমে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছে। তাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে এনআরবিসি ব্যাংক নিরলসভাবে কাজ করছে।
সভাপতির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুমুর খান বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাংকিং সেবা প্রদান করছে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য দেশ-বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধাও চালু রয়েছে। সারাদেশে ব্যাংকের প্রায় ৬৫০টি শাখা ও উপশাখার মাধ্যমে এসব সেবা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্তসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্বিক আয়োজনে সহযোগিতা করেন ন্যাশনাল ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ শাখার এভিপি ও ম্যানেজার মো. সোহেল রানা।
সম্মেলনে সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।